নওগাঁ: হঠাৎ অসুস্থ হয়েছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি এনামুল হক। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতাল থেকে রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিষ কুমার সরকার জানান, গত সোমবার (৯ মার্চ) এমপি এনামুল হক কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। দায়িত্বরত চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবার খান।
জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের আস্থা বাড়বে জানিয়ে এ চিকিৎসক বলেন, এমপি তাদের সেবার প্রশংসা করেছেন।
এ ব্যাপারে এমপি এনামুল হক বলেন, চাইলে তিনি নওগাঁ বা জয়পুরহাটের বড় হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতেন। তবে এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন, তিনি সেখানেই চিকিৎসা নিতে চেয়েছেন। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।
ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। এনামুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।
তিনি বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন। বর্তমানে তিনি সুস্থ এবং বাসায় অবস্থান করছেন।