হাইওয়ে পুলিশ উত্তরাঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১১ মার্চ) সকালে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের চন্দ্রাকেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
পরিবহন মালিকদের উদ্দেশে ডিআইজি রফিকুল হাসান বলেন, যদি ভাড়া আপনার মনে হয় আরও বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনারা আগামী বছর সরকারের সঙ্গে বসে ভাড়া বাড়ানোর বিষয়ে কথা বলবেন, দাবি জানাবেন।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই উৎসব পালন করতে ঢাকা ছেড়ে গ্রামে যায় মানুষজন। ৬০ লাখ মানুষ ৩-৪ দিনের মধ্যে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলে যাবে এটা সম্ভব নয়। রাস্তাও আমাদের বাড়ানো সম্ভব নয়। সুতরাং এই রাস্তাগুলোই কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে কাজ করতে হবে। রাস্তা দখল, রাস্তা পারাপার, গাড়ির ফিটনেস নেই, অতিরিক্ত যাত্রী বহনসহ নানা সমস্যা দেখা দেয় ঈদযাত্রায়।
রফিকুল হাসান বলেন, আপনারা ফিটনেসবিহীন গাড়ি চালাবেন না। দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দিবেন না। মহাসড়কে গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।
এ সময় গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, দেড় কোটি মানুষ শহর থেকে বাড়িতে ফেরেন। উত্তরবঙ্গের ২১টি জেলার মানুষ ঢাকা ও গাজীপুর থেকে এই চন্দ্রা দিয়ে বাড়ি ফেরেন। নিরাপদে যেন সবাই বাড়ি ফিরতে পারেন সেজন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক ড্রোন আনা হয়েছে। কুইক রেসপন্স টিম, মোটরসাইকেল টিম ও একটি অ্যাম্বুলেন্স থাকবে।
গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান।