মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বরত থাকা অবস্থায় এক কোস্ট গার্ড সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছে।
কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ (৪২) বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০মিনিটে নিজ অস্ত্র নিজের বুকে গুলি করেন।
পরে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। সাথে সাথেই সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, লাশ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে মৃত্যু সনদ সংগ্রহের পর লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
শীর্ষনিউজ