একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদ গড়ার প্রত্যাশার কথা জানিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার সমাধান করতে চাই। দেশের মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসন্ন সংসদ অধিবেশন পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করে চিফ হুইপ বলেন, ‘আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক।
এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবগঠিত সংসদের কার্যক্রম ও আচরণবিধি কেমন হবে, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেন নুরুল ইসলাম মনি।
তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য কোনো নাম বা প্রস্তাব দেওয়া হয়নি।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর সংসদের এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।