মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছেই। ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬৭টি ফ্লাইট আর চট্টগ্রাম বিমানবন্দর থেকে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
এরমধ্যে ২৮শে ফেব্রুয়ারি ২৩টি, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি, ৩রা মার্চ ৩৯টি, ৪ঠা মার্চ ২৮টি, ৫ই মার্চ ৩৬টি, ৬ই মার্চ ৩৪টি, ৭ই মার্চ ২৮টি, ৮ই মার্চ ২৮টি, ৯ই মার্চ ৩৩টি ও ১০ই মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ১০ই মার্চ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া ৪টি, গালফ এয়ার ৪টি, কাতার ৪টি, এমিরেটস ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাই দুবাই ৪টি, বিমান বাংলাদেশ ৩টি ও ইউএস-বাংলা ৩টি ফ্লাইট বাতিল করেছে। একই সময়ে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করেছে বিভিন্ন এয়ারলাইন্স।
এদিকে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন করার উদ্দেশ্যে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। সকল ধরনের অনিশ্চয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ই এপ্রিল থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ই এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহ’র উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে। ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট আছে। এ ছাড়া প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।