Image description

জামিন পাইয়ে দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এক প্রসিকিউটরের ‘কোটি টাকা ঘুষ দাবি’ অভিযোগ তদন্তে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমওন ও রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

এদিকে এক কোটি টাকা ঘুষ চেয়ে অডিও ফাঁসের ঘটনায় পুরো বিচার প্রক্রিয়া শতভাগ প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে, যতো অভিযোগ এসেছে সমস্ত বিষয়ে অভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

প্রসিকিউটদের সতর্ক করে আমিনুল ইসলাম বলেন, ‘আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব ইস্যুতে জিরো টলারেন্স থাকবে। এই ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হবে। এমন না হতে পারলে এখানে থাকার প্রয়োজন নেই। যে কেউই চলে যেতে পারবেন।’

 

মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে চিফ প্রসিকিউটর।

এর আগে, সোমবার (৯ মার্চ) জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমের পরিবারের কাছে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের এক কোটি টাকা ঘুষ দাবির কথপোকথনের একটি অডিও ফাঁস হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার চিফ প্রসিকিউটর তার টিমের অন্য সদস্যদের নিয়ে রুদ্ধদার বৈঠকে বসেন। বৈঠকটি ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে।

সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর তাকে মামলাটি থেকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে সাইমুমের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও সাইমুমকে সরানো হয়নি।

অভিযুক্ত মো. সাইমুম রেজা তালুকদার এখন আর প্রসিকিউশন টিমে নেই, তিনদিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা সোমবার এক প্রজ্ঞাপনে জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ২০২৪ সালের ৭ অক্টোবর ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাইমুম।