নেপালে অনুষ্ঠিত সাম্প্রতিক সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিমত্তার প্রতিফলন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়া নেপালের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেশটির জনগণের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারকেও তুলে ধরে।
বার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশ নতুন সরকার ও নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।