গরম বাড়ছে। আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যানের ব্যবহারও বেড়ে যায় স্বাভাবিকভাবেই। দিনের বেশির ভাগ সময়ই ফ্যান চালিয়ে রাখতে হয়। এতে আরাম পাওয়া গেলেও মাস শেষে অনেক সময় বিদ্যুৎ বিল দেখে অনেকে অবাক হন।
আসলে প্রতিদিন যে ফ্যানটি চালানো হচ্ছে, সেটি মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করছে; এটা খুব সহজেই হিসাব করা যায়।
সাধারণত একটি সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। এখন ধরুন, আপনি প্রতিদিন একটি ৭০ ওয়াটের ফ্যান প্রায় ১০ ঘণ্টা চালান। তাহলে দিনে বিদ্যুৎ খরচ হবে ৭০ ওয়াট × ১০ ঘণ্টা = ৭০০ ওয়াট। অর্থাৎ ০.৭ কিলোওয়াট ঘণ্টা (কারণ ১০০০ ওয়াটে ১ কিলোওয়াট হয়)।
যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৫০ পয়সা ধরা হয়, তাহলে দিনে খরচ হবে প্রায় ৫ টাকা ২৫ পয়সা। সেই হিসাবে ৩০ দিনে খরচ দাঁড়ায় প্রায় ১৫৭ টাকা ৫০ পয়সা।
আর যদি ফ্যানটি ১০০ ওয়াটের হয় এবং একইভাবে প্রতিদিন ১০ ঘণ্টা চালানো হয়, তাহলে মাসে বিদ্যুৎ খরচ প্রায় ২২৫ টাকার মতো হতে পারে।
তবে এখন বাজারে অনেক কম ওয়াটের আধুনিক ফ্যান পাওয়া যায়, যেগুলো কম বিদ্যুৎ ব্যবহার করে। তাই এমন ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ বিলও তুলনামূলকভাবে কম আসে।