ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ থেকে মব চিরতরে বন্ধ হবে। এটাকে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না।’ এ সময় পাভেলকে মারধরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটি মব নয়, একটি বিচ্ছিন্ন ঘটনা।’
সোমবার ভোরে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে আসা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। কোনো অপরাধী বা সন্ত্রাসীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।’
হাদি হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ভারতে গ্রেপ্তার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা চালানো হবে বলেও জানান তিনি।