Image description

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ক্রিকেটাঙ্গনে নতুন করে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহল থেকে আলোচনা আর মতামতও আসছে।

এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও কথা বলেছেন। পাশাপাশি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে এত আলোচনা ও গুঞ্জনের মাঝেও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ফেরা আর হয়ে ওঠেনি। ফলে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে।

এ নিয়ে সোমবার (৯ মার্চ) জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, 'আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি (সাকিবের ফেরা নিয়ে)। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।'

বিশ্বকাপ চিন্তায় নতুন পরিকল্পনা প্রসঙ্গে সিমন্স বলেন, 'আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ, আপনি ঠিকই বলেছেন, বিশ্বকাপ সাউথ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।'

তিনি যোগ করেন, 'কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ৩ জন স্পিনার খেলাতে হতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হবে না যে একজন স্পিনার মাত্র ২ ওভার বোলিং করবে। আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেখানকার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাই তিনজন পেসার খেলানোই এখন আমাদের মূল লক্ষ্য থাকবে।'

মিডল উইকেটে গুরুত্বের কথা উল্লেখ করে টাইগার কোচ বলেন, 'মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। আমি একটু আগেও বলেছি, এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে, কয়টি সিঙ্গেল বা কয়টি বাউন্ডারি আমরা পাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় এটা একটা বিশাল অংশ।'