Image description

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বেপরোয়াভাবে চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃষা (২০) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে কেনাকাটায় আজকে নিউমার্কেট সায়েন্সল্যাব এলাকায় প্রচণ্ড ভিড় ছিল। রাত ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে শাহবাগ অভিমুখী সড়কে চলন্ত বাইকে থাকা এক ব্যক্তি ও তার মেয়েকে পেছনে থেকে দ্রুত গতিতে ট্রাক এসে ধাক্কা দেয়। এরপর রাস্তায় পড়ার সাথে সাথে ওই ব্যক্তির হেলমেট ভেঙে গেলে তিনি মাথায় আঘাত পেয়ে স্পটে মারা যান। পরে মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে তিনি মারা যান। 

নিহত সাজু আহমেদের বড় ভাই মো. সালাউদ্দিন নিউমার্কেট থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানিয়েছেন, সায়েন্সল্যাব মোড়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন স্পট ডেথ হয়েছেন এবং তার সঙ্গে থাকা নারীও নিহত হয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব উদ্দিন বলেন, ফুটপাত দখল ও রাস্তার সীমাহীন যানজট সাধারণ মানুষকে বিপদে ফেলে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, আমাদের নগর জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।