সিলেটে ছিনতাই বাড়ছে। ঈদকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এদিকে শুক্রবার পরিস্থিতি সামাল দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
রোজা শুরুর পর তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে নগরীতে। এর মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দুই নারীর কাছ থেকে ছিনতাই ঘটনার ভিডিও চিত্র।
সূত্র জানায়, গত ১০ দিনে পুলিশ ৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে শহরের বিভিন্ন এলাকা থেকে। তবে আলোচিত দুটি ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আলোচিত ওই দুই ছিনতাই ঘটনার ৯ দিনের মাথায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর সাগরদিঘির পার এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক কলেজছাত্রী। ওইদিন রাতে ছিনতাইয়ের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছিনতাইয়ের শিকার ওই নারী শিক্ষার্থী কোনো অভিযোগ করেননি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা বলছে, থানায় অভিযোগ দিলে নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে এমন ভয়ে অনেকে পুলিশের কাছে যান না।
সর্বশেষ ঘটনার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ওই শিক্ষার্থীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে একজনের হাতে লম্বা দা ছিল। দা’র ধারালো অংশের বিপরীত দিক দিয়ে ওই শিক্ষার্থীকে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে সে। অপরজন প্রথমে গলা থেকে চেইন টেনে নিয়ে নেয়। পরে ব্যাগ নিয়ে টানাটানির এক পর্যায়ে তারা মোবাইল ও ব্যাগ নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার পর এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করে নেওয়া হয়।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুলিশের যখন ডিউটি বদল হয় তখনই ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে।
এ দুটি ছিনতাই ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত এক মাসে মহানগর এলাকায় অন্তত ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত কয়েক দিনে ছিনতাইয়ের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করে এসএমপি।
গতকাল দক্ষিণ সুরমায় খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসে ভিডিও কনফারেন্সে ছিনতাই প্রতিরোধে পুলিশকে তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
শীর্ষনিউজ