Image description

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে সায়েন্সল্যাব মোড়ে বাবা ও মেয়ে এবং তেজগাঁওয়ে অটোরিকশা উল্টে চালক ও যাত্রী নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, ঈদের কেনাকাটা করতে একমাত্র মেয়ে ২৩ বছর বয়সী সিথিকে নিয়ে বের হয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা।

রাত ৯টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুর ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া হারুনুর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন।

সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের ঢামেক হাসপাতালে নিলে হারুনর রশিদ সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।