Image description

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) ছাত্রলীগের হামলায় নিহত ২০তম ব্যাচের শিক্ষার্থী একেএম গোলাম ফারুকের স্মরণে ‘রমাদান ফুড প্যাক উপহার’ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) শেবাচিম অডিটোরিয়াম চত্বরে একদল শিক্ষার্থীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শেবাচিম ছাত্র ও ছাত্রী হোস্টেল এবং কলেজের বিভিন্ন কর্মচারীদের মাঝে রমাদান ফুড প্যাক উপহার দেওয়া হয়।

কর্মসূচির উদ্বোধনকালে শেবাচিমের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির এলাহি বলেন, ‘১৯৯১ সালের ১৭ জুলাই শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী একেএম গোলাম ফারুক ভাইয়ের ওপর এনাটমি ডেমো ক্লাসরুমে শেবাচিম ছাত্রলীগের মেডিকেল ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী বর্বরোচিত হামলা চালায়। হামলায় আহত হয়ে ২০ জুলাই শাহাদাত বরণ করেন একেএম গোলাম ফারুক ভাই।’

সাব্বির এলাহি বলেন, ‘তিনি ছিলেন মেধাবী, উত্তম চরিত্রের অধিকারী এবং সকলের প্রিয়। আজকের রমাদান ফুড প্যাক উপহার অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করি এবং প্রত্যাশা করি, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থী কোনো প্রাণ সন্ত্রাসের শিকার হবেন না।’ 

একই সাথে রমজান মাসের পবিত্রতা ও আনন্দ যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে সেই কামনা করেন আয়োজকরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. পারভেজ রহমান, ডা. নাসরুল্লাহ, ৫২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান কাফি ও হাফেজ নাঈম আহম্মেদ সুহাদ।