বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নির্মাণকাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জিডি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জিডিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত ও দলের আরেক নেতা আজমাইন সাকিবসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টারপ্রাইজের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে আরসিসি সড়ক নির্মাণকাজের লভ্যাংশ থেকে চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেন ছাত্রদল নেতাকর্মীরা ।
গত বৃহস্পতিবার রাতে ধারা এন্টারপ্রাইজের ঠিকাদার এবিএম আওলাদ হোসেন ওরফে মনু বরিশাল বন্দর থানায় জিডি করেন। এর আগে গত রোববার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেয় প্রশাসন।
জিডিতে অভিযোগে করা হয়, মেসার্স ধারা এন্টারপ্রাইজ প্রশাসনিক ভবনের সামনে আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু করে। কাজ চলাকালে রোববার সকালে ছাত্রদল নেতা আজমাইন সাকিবের নেতৃত্বে একদল ব্যক্তি চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেন এবং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
ঠিকাদার বলেন, কাজ করার সময় আজমাইন সাকিব এসে কাজ বন্ধ করতে বলেন এবং এখানে কাজ করতে হলে ভাগ দিতে হবে বলে চাঁদা দাবি করেন। ছাত্রদল নেতা রেজা শরীফের নির্দেশনায় এসব করা হচ্ছে। চাঁদা দাবির কোনো প্রমাণ আছে কি নাÑজানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। তবে যারা চাঁদা চেয়েছিল তাদের শনাক্ত করতে আমি ছবি তুলেছিলাম। পরে আমার কাছ থেকে ফোন নিয়ে সে ছবি ডিলেট করে দেয়।
এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ঢালাইয়ের কাজে মানসম্মত উপাদান ব্যবহার করা হচ্ছিল না। এ অভিযোগ তুলে গত রোববার দুপুরে তারা প্রশাসনের কাছে কাজ বন্ধের দাবি জানান। অভিযোগের ভিত্তিতে বর্তমানে কাজটি বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, চলমান রাস্তার কাজে নিম্নমানের পাথর, বালি ও ইট ব্যবহার করা হচ্ছিল। আমরা সেগুলো পরিবর্তনের অনুরোধ জানিয়েছি। পরে নিম্নমানের পাথর পরিবর্তন করা হয়।
এ বিষয়ে ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, রাস্তার পাথরের মান ভালো ছিল না। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছিল। এরপর তিনি আমার নামে থানায় অভিযোগ দিয়েছেন।
নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলেন, রড, বালি ও পাথর পরীক্ষা করেই কাজ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই কাজ করছি। এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, কিছু শিক্ষার্থী নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলেছে। তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে প্রকৌশল দপ্তর ও ঠিকাদারের সঙ্গে আলোচনা করা হবে।