Image description

অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হলে তরুণরা আবারও রাস্তায় নামবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৬ মার্চ) বিকেলে ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে, তাহলে রাজপথে বারবার আন্দোলন-সংগ্রাম গড়াবে। তিনি সরকারকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন।

 

এনসিপির আহ্বায়ক বলেন, গণতান্ত্রিক সংস্কার ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তিই বর্তমান সময়ের প্রধান দাবি। এসব দাবি আদায়ে সংসদকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 
 

 

এ সময় গণঅভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ জায়গা থেকে লেখালেখি, গবেষণা ও বিশ্লেষণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত।

 

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে অনেক প্লাটফর্ম এসেছে। তবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়েছে এনসিপি। কারণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে এসেছে। এরা সংস্কার ও বিচারের রাজনীতিটা ধরতে পেরেছে।

 

তিনি বলেন, সামাজিক মাধ্যম ও কূটনীতিকদের কাছে এনসিপি নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়। বিভিন্ন নেতার বরাতে এনসিপির বিভিন্ন ইস্যুর বক্তব্য আড়াল করা হয়। এনসিপির বিভিন্ন ইস্যুতে অবস্থানগুলো এই বইতে আছে।