Image description

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বর্তমান সরকারি দল আদালতের কাঁধে বন্দুক রেখে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা চালাচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্ম সজাগ রয়েছে; জুলাই বিপ্লবের অর্জন বিনষ্ট করার কোনো চক্রান্তই সফল হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগ আয়োজিত আলেম-উলামা ও খতিবদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যাপক পরওয়ার বলেন, বিগত নির্বাচনের ফলাফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই তার প্রমাণ। দেশি-বিদেশি শক্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কারা জড়িত, তা জাতির সামনে তুলে ধরতে হবে। বর্তমান সরকার যদি অতীত সরকারের পথে হাঁটতে চায়, তবে তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।

 
 

দেশপ্রেমিক নাগরিক তৈরিতে আলেমদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, আলেম সমাজ হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদান চিরস্মরণীয়। তিনি সাধারণ মানুষের মাঝে সালাত, সিয়াম ও দ্বীন কায়েমের সঠিক ধারণা পৌঁছে দিতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

রমজানের গুরুত্ব তুলে ধরে সেক্রেটারি জেনারেল বলেন, রমজান হলো কোরআন নাজিলের মাস এবং বিজয়ের মাস। কোরআনের নীতি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে দেশ মর্যাদার সঙ্গে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই কুরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আলেম সমাজকে সামনে আসতে হবে।

উলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী সব ধারার আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জেহাদী আলেমদের উম্মাহর পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালনের তাগিদ দেন।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসাইনের সভাপতিত্বে এবং উলামা বিভাগের সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ও শায়খ রফিকুল ইসলাম মিয়াজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী ও নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, ড. ইকবাল হোসেন ভুঁইয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেক্রেটারি মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।