Image description

ইরান যুদ্ধের ষষ্ঠদিন বৃহস্পতিবার ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই হামলা চালিয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও। এদিন ইউরোপের দেশ আজারবাইজানেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও দেশটি ড্রোন হামলায় জড়িত নয় বলে জানায়।

এতদিন পর্যন্ত যুদ্ধ হয়েছে আকাশপথ ব্যবহারের মাধ্যমে। এবার একে স্থলভাগে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইতোমধ্যে খবর বের হয়েছে যে, ইরাকে থাকা কুর্দিরা স্থলপথে যুদ্ধ করার জন্য ইরানে ঢুকে পড়েছে। তবে কুর্দিদের পক্ষ থেকে এ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

যুদ্ধের তীব্রতার মধ্যে উপসাগরে আমেরিকার ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান। পাশাপাশি একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের হামলায় ইসরাইলে প্রায় এক হাজার ৫০০ জন আহত হয়েছে বলে জানানো হয়। দেশটিতে ইরানের হামলায় ১১ জন নিহত হয়। ইরানে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৩০ জনে। লেবাননেও তীব্র হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। সেখানে নিহত হয়েছেন শতাধিক। এছাড়া ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন এবং ছয় মার্কিন সেনা নিহত হয়।

তেহরান ছেড়েছে এক লাখ মানুষ

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি জানিয়েছে, হামলার পর প্রথম দুদিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে। লেবাননে বলা হয়েছে, সেখানে ৫৮ হাজার মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে।

তেহরানের একজন বাসিন্দা বলেন, ১২ দিনের যুদ্ধের সময় আমরা যা অনুভব করেছি, এবার যুদ্ধের তীব্রতা তার চেয়েও অনেক বেশি। আক্রমণের পরিমাণ এত বেশি যে, প্রতিটি দিন যেন এক মাসের মতো মনে হচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের কোম শহরে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই শহর থেকে ইসরাইলে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই সঙ্গে ইসফাহান শহরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ‘হামলা’ করেছে ইসরাইল।

বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আরো বলেছেন, ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, তিনি তাকে নির্বাচিত করা আমেরিকান জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, বিশ্বব্যাপী বাজারে এ হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রাবাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে।

পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর যোদ্ধারা একটি মার্কিন ট্যাংকারে হামলা করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের উত্তরে জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বর্তমানে এটিতে আগুন জ্বলছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশনের (এমটিও) আগে জানিয়েছে, কুয়েতের উপকূলে উত্তর উপসাগরে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে।

হরমুজ প্রণালি ‘ইরানের নিয়ন্ত্রণে’

ইরানের তাসনিম সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন, ইউরোপীয় বা ইসরাইলি জাহাজ দেখা গেলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তারা আরো বলেছে, যুদ্ধকালীন সময়ে নৌযান চলাচল ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

আজারবাইজানে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে, ইরানের অস্বীকার

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটিতে দুজন বেসামরিক নাগরিক আহত হন। মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাখচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়। অন্য আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে। পরে ইরান জানায়, এ ধরনের কোনো পদক্ষেপ তারা নেয়নি।

কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার ইরানের হামলা

তাসনিম নিউজ এজেন্সি জানায়, কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়। এর আগে কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়।

কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ

কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার। এ সপ্তাহে সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

৭০-এর বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল বাহরাইন

গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইরানি হামলায় এ পর্যন্ত ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৩টি ড্রোন ধ্বংস করার তথ্য জানিয়েছে বাহরাইন। বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছে, ইরানের হামলাকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সৌদি আরব

বৃহস্পতিবার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আল খার্জ শহরের বাইরে সেগুলো ধ্বংস করা হয়।

এফ-১৫ ভূপাতিত করার দাবি ইরানের

আইআরজিসি দাবি করেছে, বুধবার ভোরে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিধ্বস্ত হয়।

সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র-ড্রোন

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩১টি ড্রোন ধ্বংস করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন দেশের অভ্যন্তরে পড়েছে। শনিবার থেকে ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, যারা পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের নাগরিক। আর আহত হয়েছেন ৯৪ জন।

‘ইরাকের কুর্দিরা ইরানে ঢোকেনি’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরাকের কুর্দিরা যায়নি বলে জানিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা অসত্য বলে দাবি করা হয়েছে কুর্দিদের পক্ষ থেকে। কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পাক) হান্না হুসেন ইয়াজদান পানা বলেছেন, এটি সত্য নয়। বিশ্বাস করবেন না। একজনও পেশমার্গা (যোদ্ধা) নড়াচড়া করেনি। কেউ একা নড়াচড়া করে না।

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে। ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন। আইনপ্রণেতারা প্রায় পুরোপুরি দলীয় অবস্থান থেকে বিভক্ত হয়ে ভোট দেন।

‘দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত’

দুই সপ্তাহের মধ্যে আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

ট্রাম্প আরো বলেছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস করতে চাইছেন।

মধ্যপ্রাচ্যে বিভেদ তৈরি করতেই ইরানে হামলাÑরাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার একটি লক্ষ্য হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা। তিনি আরো জানান, ইউক্রেন সংকট, তথ্যনিরাপত্তা এবং ডিজিটাল হুমকি নিয়ে আয়োজিত রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে বোঝা গেছে, ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই মতপার্থক্য রয়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়া ও কানাডার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন। যদিও তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত না ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

‘নেতানিয়াহুই এই যুদ্ধ চেয়েছেন’

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ওহুদ ওলমার্ট চ্যানেল-৪কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে এ যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যথেষ্ট প্রভাব ছিল। তিনিই এ যুদ্ধ চেয়ছেন। এতে কোনো সন্দেহ নেই। ট্রাম্প শান্তির দূত হতে চেয়েছিলেন, সেখানে নেতানিয়াহু তাকে যুদ্ধে টেনে এনেছেন।

ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্রের সঙ্গে তুলনা

ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। যাকে ডেমোক্রেটিক পার্টি থেকে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। ইসরাইলের সমালোচনা করে তিনি দেশটিকে একটি বর্ণবাদী রাষ্ট্রের সঙ্গে তুলনা করেন। এ সময় তিনি পরামর্শ দিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত দেশটির জন্য সামরিক সহায়তা পুনর্বিবেচনা করা।

জনমত জরিপে দেখা গেছে, আমেরিকান জনগণের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন কমে যাচ্ছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে এ প্রবণতা বেশি।

যুদ্ধে ইসরাইলের খরচ সপ্তাহে ৯ বিলিয়ন শেকেল

ইসরাইলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে দেশটির সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯ বিলিয়ন সেকেলে দাঁড়িয়েছে। এক মার্কিন ডলার সমান তিন শেকেলের কিছু বেশি। তবে বৃহস্পতিবার থেকে ইসরাইল কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে।

যুদ্ধ বন্ধে ওমানের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া সব বিদেশিদের নিজ নিজ দেশে ফিরতে সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তার দেশের সরকার।

সাইপ্রাস রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে বিভিন্ন দেশ

ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তাদের সহযোগী ইইউ সদস্য সাইপ্রাসকে রক্ষার জন্য নৌযান পাঠাচ্ছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো বলেছেন, স্পেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের সঙ্গে সাইপ্রাস রক্ষার জন্য ইতালি নৌযান পাঠাবে।

লেবাননজুড়ে হামলা

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এর মধ্যে দেশটির দক্ষিণাংশে স্থল অভিযানও চালাচ্ছে তেল আবিবের সেনারা। এছাড়া হিজবুল্লাহকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে লেবাননে স্থল অভিযান এড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আহ্বান জানান।

এ অবস্থায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধ আরো তীব্র হওয়ার পরও আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ। আমরা বারবার বলেছি, ধৈর্যেরও সীমা আছে। আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা। আমরা আত্মসমর্পণ করব না।

খামেনির মৃত্যুতে ভারতের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বৃহস্পতিবার শোকপ্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ভারতের জনগণ ও সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ইরান ইসলামিক প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় সই করেন।