মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতা পাওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করার নির্দেশ দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ০১ জানুয়ারি ২০২৫ হতে EFT-তে প্রদান করা হচ্ছে এবং জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে। আগস্ট-২০২৫ মাস হতে এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের Bill Submit করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO EFT মডিউলে লগ-ইন করে Bill Submit করেন।
এক্ষেত্রে, প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে আলাদাভাবে বিল জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো হবে।
মাউশি জানিয়েছে, এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।
এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করতে হবে। ভুল তথ্যের কারণে অর্থ প্রেরণে জটিলতা বা অতিরিক্ত অর্থ প্রেরণ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে উৎসব ভাতার বিল সাবমিট করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হয়েছে।
শুধুমাত্র আইবাসে যাচাইকৃত (Valid) জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই সাপেক্ষে পরবর্তীতে যুক্ত করা হবে।
শীর্ষনিউজ