মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাবেদ (১৯) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ মার্চ) সকাল সাতটার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাবেদ ঢাকা কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের আবদুল মতিনের ছেলে। অন্যদিকে আহত মো. সামির (২৪) একই জেলার দাদন আকন্দের ছেলে। তিনি নিহত সাবেদের মামাতো ভাই।
আহত সামির জানান, আজ ভোরে সাবেদদের গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি ও সামির। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সাবেদ। তাদের মোটরসাইকেলটি ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে চলছিল। সকাল পৌনে ৮টার দিকে মোটরসাইকেলটি শ্রীনগরের ষোলঘরের ওমপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির ওপরে উঠে যায়। তাঁরা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে দুই দিকে পড়ে যান।
তিনি বলেন, ‘আমাদের দুজনের মাথায় হেলমেট ছিল। সাবেদ এক্সপ্রেসওয়ের মাঝখান দিয়ে মোটরসাইকেল ঠিকমতো চালাচ্ছিল। হঠাৎ করে সে যাত্রী ছাউনির পাশে ঘেঁষতে থাকে। ভোরে এক্সপ্রেসওয়েতে ঠান্ডা লাগছিল। আমি ভেবেছিলাম, সে যাত্রী ছাউনিতে থামাবে। কিন্তু সেখানে গিয়ে সে ধাক্কা দেয়।’
এ বিষয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান মো. আজাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে সাবেদের মরদেহ উদ্ধার করা হয়। আহত সামিরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।