কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও ইতোমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে। যথাযথভাবে কৃষকরা যাতে সঠিকভাবে সার পায় সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা তা রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কৃষি উপকরণগুলোতেও আমরা পদক্ষেপ নেব।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।