রাত সোয়া আটটা। সবাই যখন তারাবির নামাজে ব্যস্ত, ঠিক সেই সময় পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে চাচার বাড়িতে প্রবেশ করে আমানুর ইসলাম নামের এক যুবক। পরে শুয়ে থাকা চাচাতো ভাইকে তার মায়ের কাছ থেকে নামাজের কথা বলে বাইরে নিয়ে আসেন। কিছুক্ষণ পর ওই শিশুকে হত্যা করে পাশের একটি ভুট্টার ক্ষেতে ফেলে রেখে বাড়িতে ঘুমিয়ে পড়েন আমানুর।
গতকাল শুক্রবার রাতে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে।
মৃত ওই শিশুর নাম সিরাজুল আল সামস্ (৭)। সে ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে এবং আফতাব গঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতককের বাড়ির সামনের অংশের সম্পত্তি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে নিহত ওই শিশুর বাবা কিছুদিন আগে কিনে নেন।
ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আমানুর ইসলাম (২২), তার বাবা মজিদুল ইসলাম ও মাদরাসার শিক্ষক মফিজুল ইসলামকে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটিকে প্রথমে শ্বাসরোধ পরে ছুরি দিয়ে গলাকেটে হত্যার বিষয়টি স্বীকার করে আমানুর ইসলাম। তার দেওয়া তথ্যমতে, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (ক্রাইম অ্যান্ড অপারেশন) জানান, ঘটনায় অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় নেওয়া হলেও অন্য দুজনের সম্পর্ক না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।