Image description

বগুড়া-৬ (বগুড়া সদর ও পৌরসভার ২১ ওয়ার্ড) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র তুলেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই আসন থেকে জয়লাভ করলেও পরবর্তীতে বগুড়ার আসনটি শূন্য ঘোষণা করেন। ওই শূন্য আসনটির জন্যই এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনোনয়নপত্র তোলার পর রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনটি ঐতিহ্যগতভাবে জিয়া পরিবারের। দলীয় প্রধান তারেক রহমান গতকাল (বৃহস্পতিবার) আমাকে মনোনয়নপত্র দেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনের মানুষ তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনে ভূমিকা রেখেছেন। আগামী ৯ এপ্রিলের উপনির্বাচনেও আমি বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর প্রতি বগুড়াবাসীর অকৃত্রিম ভালোবাসা ধরে রাখতে চাই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। যাচাই-বাছাই হবে ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বিএনপি বগুড়া-৬ আসনে আধিপত্য ধরে রেখেছে। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে জয়ী হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শীর্ষনিউজ