যশোরের অভয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬ জন খুলনার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন রাজনৈতিক দল দুটির নেতারা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বুধবার রাতে ভাটপাড়া এলাকায় বিএনপির সমর্থক আশিকের সঙ্গে পাবিরারিক বিষয় নিয়ে জামায়াতের সমর্থক সাত্তারের তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারিতে ছাত্তার আহত হন। তাঁকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভাটপাড়া বাজারে মিছিল বের করেন। সেখানে বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের অভিযোগ ওঠে। বিষয়টির প্রতিবাদ জানাতে সমবেত হন বিএনপির কর্মীরা। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির মাহফুজুর রহমান ইউছুফ (৩৪), ইকবাল শেখ (৩৮), খালিদ শেখ (৩৫), জাকির হোসেন (৩৭) ও শাহীন শেখের (২৪) নাম জানা গেছে। ইকবাল শেখ ও খালিদ শেখকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামায়াতে ইসলামীর আহত বোখারী মোল্যা (২৩), আবুল বাশার (৪৫), মো. জাহাঙ্গীর হেসেন (৫৬), আশরাফুল ইসলাম (৪৫), শরিফুল ইসলাম (৪০) ও আহাদ আলীকে (২৮) খুলনার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হুসাইন বলেন, ‘বুধবার আমাদের দলের কর্মী ছাত্তারকে তারা পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ভাটপাড়া বাজারে মিছিল বের হয়। মিছিল শেষে নেতাকর্মীরা আসরের নামাজ পড়তে যান। মসজিদ থেকে বের হওয়ার পর বিএনপির লোকেরা হামলা করেন।’
অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলুর অভিযোগ, ভাটপাড়া বাজারে জামায়াতের নেতাকর্মীরা মিছিল করে অতর্কিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজনকে আহত হয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, পারিবারিক বিরোধ রাজনৈতিক রূপ নেওয়ায় মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।