দেশের অন্যতম সেরা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের আজ জন্মদিন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন পিয়া জান্নাতুল, যা তাকে দেশের সর্বাধিক পরিচিতি দিয়েছে। এরপর তিনি অভিনেত্রী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন তরুণ আইনজীবী হিসেবে কর্মরত।
সুপ্রিম কোর্টের আইনজীবী আলোচিত ব্যারিস্টার সুমনের চেম্বারে অ্যাসোসিয়েটস আইনজীবী হিসাবে কাজ শুরু করেছিলেন পিয়া। এবার সুমনের প্রশংসা করে তার মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন এই মডেল।
পিয়া তার স্ট্যাটাসে লেখেন, যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস। কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন—সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য—সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদণ্ড।
স্ট্যাটাসে অভিনেত্রী আরও লিখেছেন, তিনি দল নয়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থানকে বেছে নিয়েছিলেন। দেশের জন্য কাজ করেছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন— এমন মানুষ আমাদের আরও দরকার। বাংলাদেশকে এগিয়ে নিতে সাহসী, নীতিবান এবং স্পষ্টভাষী মানুষের বিকল্প নেই।