ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বরিশালের বানারীপাড়ায় (বরিশাল-২ আসন) বিএনপির আরও দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ সংহতি পরিপন্থি নানা আচরণের কারণে উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মেননের সব পদ স্থগিত ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার স্থানীয় সংবাদ কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার দুপুরে উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক বিভাষ ঋষিকে হাতুড়িপেটা করার কারণে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিমকে দলের সব পদ থেকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়। ১৫ ফেব্রুয়ারি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।