বিএনপির সামনের দিনগুলো আরো কঠিন হতে শুরু করবে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক নাদিম মাহমুদ। আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
নাদিম মাহমুদ তার পোস্টে বলেন, অন্তবর্তীকালীন সরকারের অপশাসন ও অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির বাহিরে গুটিকয়েক মানুষ প্রতিবাদ করত। অধিকাংশ বিপ্লবী ছিল নিশ্চুপ।
কলাম লেখকরা ছিল তোষামুদিতে ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় বড় সেলিব্রেটিরা এক সময় পান থেকে চুন খসলেই আক্রমণাত্মক ভঙ্গিমায় নিজেদের হাজির করতো সেই তারাই ‘ইউনূসের সমালোচনা’ থেকে নিজেদের গুটিয়ে রেখেছিল। এদের একটি বড় অংশ চেয়েছিল, বিএনপি যেন ক্ষমতায় না আসে।
তিনি বলেন, কিন্তু এখন দেশে সমালোচনাকারীদের অভাব নেই।
ইউনূস জামানায় ভক্তকূল এবার পরিপূর্ণ শক্তিতে মাঠে নামছে। যারা গত দেড় বছর মব বলতে লজ্জা পেত, তারা এখন মব, মব বলে রব তুলছে। যারা পুলিশের নিষ্ক্রিয়তাকে উপভোগ করত, তারা এখন পুলিশের সক্রিয়তাকে খণ্ডন করা শুরু করেছে। ফলে ‘সমালোচনার মাঠ’ এখন অনেক বড়।
বিএনপি এখন এক সাইটে পড়েছে। আওয়ামী লীগ, এনসিপি, জামায়াত সমর্থকদের কটাক্ষ ও তীক্ষ্ম সমালোচনা তাদের সহ্য করতেই হবে। ইউনূসকে পেলেপুষে বিবেকসুপ্তাকারীরা যখন জেগেছে, তখন বিএনপির সামনের দিনগুলো আরো কঠিন হতে শুরু করবে।
তিনি আরো বলেন, আমরা যারা সাধারণ মানের সমালোচক, তারা দেশের জন্য, মানুষের জন্য কথা বলবই। কারণ আমাদের দল ‘বাংলাদেশ’।
আমাদের আদর্শিক জায়গা হলো মুক্তিযুদ্ধ, আমাদের দেখার জায়গা হলো অসম্প্রদায়িক, আমাদের চলার ভঙ্গিমা হচ্ছে দেশের উন্নয়ন। সুতরাং সব শ্রেণির সমালোচনাকে উতড়ে বিএনপির পাঁচ বছরের ক্ষমতা সঞ্চার কিছুটা হলেও কঠিন থেকে কঠিনতর হবে। ভুল-ভ্রান্তি এড়ানোর সুযোগ তৈরি হবে, সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারলে, তবেই তারা সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে।