Image description
 

স্কুলছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি ও উত্যক্ত করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে ওই যুবক ফেসবুকে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই যুবককে এলাকায় দেখতে পেয়ে কয়েকজন তরুণ তাকে আটক করে মারধর করেন।

 

খবর পেয়ে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে ওই যুবক সেখান থেকে সরে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

এ প্রসঙ্গে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ নজরে রয়েছে এবং এলাকায় যেন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।