বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু। সোমবার রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।
বরকতউল্লা বুলু বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমতে শুরু করেছে। এলপিজি গ্যাস ২২০০/২৩০০ টাকা হয়ে গিয়েছিল, সেখান থেকে ১২৮০ টাকার মধ্যে চলে এসেছে।
তিনি আরো বলেন, আমি পুরো বেগমগঞ্জে ৩২ লাখ টাকার ইফতার সামগ্রী ৫ হাজার প্রান্তিক মানুষের মাঝে বিতরণ করব। পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ করব।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।