মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান চালিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।
জানা যায়, শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক স্টপেজে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে পরিবহনে ঢাকাগামী ভাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে।
এ সময় যাত্রীরাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন।
স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সরাসরি অভিযান পরিচালনার ফলে পরিবহন শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়বে।
সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, এই রুটে যাত্রীদের অভিযোগ ছিল যে তারা মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছেন। এ কারণে আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করত। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
তিনি বলেন, আমরা পরিবহন-সংশ্লিষ্টদের সঙ্গে বসে ঢাকার বিভিন্ন স্থানের ভাড়ার সঠিক তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেব। যাতে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। তা ছাড়া ঈদের সময় যেন কোনো রকমের হয়রানির শিকার না হতে হয়, এ জন্য প্রশাসনসহ আমরা যাত্রীদের পাশে থাকব।