পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
আদালত নির্দেশ দিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দুই মাসের মধ্যে সব তথ্য-প্রমাণ যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
এর আগে এক রিটের মাধ্যমে এই নজিরবিহীন অভিযোগগুলো আদালতে উপস্থাপন করা হয়। পত্রিকায় প্রকাশিত ‘মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সবচেয়ে ব্যয়বহুল ও স্পর্শকাতর এই প্রকল্পে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের কথা থাকলেও উল্টো চিত্র দেখা গেছে। অভিযোগ অনুযায়ী, বড় অঙ্কের ঘুষের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে এবং জাল সনদের মাধ্যমে স্থায়ী চাকরিও নিশ্চিত করা হয়েছে।
প্রকল্পটির দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এ (এনপিসিবিএল) জনবল নিয়োগে এই ধরনের বেপরোয়া অনিয়মের তথ্য উঠে এসেছে।
হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে এখন তদন্ত কমিটির প্রতিবেদন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের অপেক্ষা চলছে।
মানবকণ্ঠ