Image description
 

গরু চুরি করে জবাই শেষে মাংস ভাগাভাগির করে নেওয়ার ঘটনায় অভিযুক্ত জাতীয়তাবাদী কৃষক দলের মিঠাগঞ্জ ইউনিয়ন সভাপতি মুনছুর জমাদ্দার কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষকদল কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের কারণে মুনছুর জমাদ্দারকে কৃষক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। 

 

এ ঘটনায় মুনছুর জোমাদ্দারকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। চরমোনাই পীরের অনুসারী চরপাড়া গ্রামের রফিকুল ইসলাম কলাপাড়া থানায় ১৭ ফেব্রুয়ারি বিকালে এই মামলা করেন। পুলিশ এ ঘটনায় বিক্রির সময় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেফতার করেছে। এছাড়াও আলআমিন, মো. লিটন, মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের এই ঘটনা গ্রামজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

মামলায় বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে গ্রাম সংলগ্ন নদীরপাড়ে নিয়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করে দেয়। গরুর মাথা কাদার মধ্যে লুকিয়ে রাখা হয়, পরে বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন। মঙ্গলবার বিকালে ১২ কেজি মাংস বিক্রিকালে এক আসামি আজিজুলকে পুলিশ গ্রেফতার করে। আজ বুধবার নদীতে ভাসমান অবস্থায় ওই গরুর মাথা উদ্ধার করা হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, গরুটি চুরি করে জবাই দিয়ে মাংস ভাগাভাগি করে নেয়। ওই মাংস কলাপাড়ার মিলন কসাইর কাছে বিক্রির সময় মঙ্গলবার বিকালে ১২ কেজি মাংসসহ এক আসামি আজিজুল বয়াতিকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দী রেকর্ড করার জন্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে।