প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ বদলি করা হয়েছে।
এছাড়া আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন।
অন্যদিকে বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এদিকে সশস্ত্র বাহিনী বিভাগ-এর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি আগে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন-এ প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।