ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরই পুলিশ বাহিনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়- কে হচ্ছেন নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। এরই মধ্যে আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ছড়ালে এ আলোচনা আরও ডালপালা মেলতে শুরু করে। বাহিনীর মধ্যে অঙ্ক কষা শুরু হয়- এই দুই পদের সম্ভাব্য কিছু নাম নিয়ে। সেই সঙ্গে অনেকটাই ভাটা পড়ে পুলিশের অপারেশনাল কাজে।
পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার আর বেশিদিন থাকছেন না বলে তারা নিশ্চিত। ইতোমধ্যে মন্ত্রণালয়ে শীর্ষ পদগুলোর রদবদলের প্রক্রিয়ার খবর তারা পেয়েছেন। এজন্য অপারেশনাল কাজে তারা সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। নতুন নেতৃত্বে সামনে ভালো কাজ উপহার দিতে বিভিন্ন অপারেশন প্রস্তুত করে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইজিপি, বিভিন্ন মেট্রোপলিটনের কমিশনার, রেঞ্জ ডিআইজি, এসপিসহ বড় বড় পদে পরিবর্তন আসতে যাচ্ছে। এতে প্রাধান্য পাবে মেধা, পেশাদারি, অভিজ্ঞতা ও যোগ্যতা। যদিও যারা বিভিন্ন হিসাব মেলানোর চেষ্টা করছেন- তারা বিবেচনায় নিচ্ছেন- বিভিন্ন কর্মকর্তার ছাত্রজীবনের দলীয় পদপদবি ও বিভিন্ন সময়ে দলের জন্য ভূমিকা রাখা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইজিপির দৌড়ে এগিয়ে আছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর, গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান।
ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ ও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিককে সিআইডি প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া মো. নাজমুল করিম খানকে দায়িত্ব দেওয়া হতে পারে কোনো একটি রেঞ্জের। এ ছাড়াও র্যাব ডিজি, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদে রদবদল হতে পারে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন