ঢাকার দুই সিটি করপোরেশনের ডামাডোলের শুরুতে প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদীব সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ঢাকা ১৮ আসনের প্রার্থী ছিলেন।
অন্যদিকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন।
নির্বাচন-পরবর্তী সময়ে জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাছাড়া ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।
এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি।
এনসিপির নেতারা বলছেন, সদ্যসমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয়লাভ করলেও বেশ ভালো ভোট পেয়েছেন তারা। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।