জয়পুরহাটের কালাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের সরিষা ক্ষেত কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের এক সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মোমিন ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়ে দাবি করেছেন, তার জমিতে চাষ করা আধাপাকা সরিষা প্রতিপক্ষ লোকজন কেটে নিয়ে গেছে। তিনি অভিযোগে তার চাচাতো ভগ্নিপতি মেহেদী মাছুম ও জেলা যুবদলের সদস্য ফিতা মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করেছেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে কয়েকজন স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে প্রতিপক্ষ ১৫-২০ জন লোক নিয়ে জমিতে প্রবেশ করে সরিষা কাটতে শুরু করে। বাধা দিলে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন কৃষক।
এদিকে অভিযুক্ত মেহেদী মাছুম দাবি করেন, জমিটি তার শ্বশুরের মালিকানাধীন এবং তা নিয়ে বিরোধ রয়েছে। তাদের ভাষ্য, জোরপূর্বক দখল করা জমি থেকে ফসল কাটা হয়েছে।
অন্যদিকে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কেবল বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে থানায় গিয়েছিলেন, সরিষা কাটার ঘটনায় তিনি জড়িত নন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সরিষা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।