সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যাতে কোনও ধরনের দুষ্কর্ম করে সরকার বা আপনার নেতার ওপর দোষ চাপিয়ে না দিতে পারে। আপনাদের সজাগ থাকতে হবে। দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজ মাঠে হাকিমপুর উপজেলার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দিনাজপুর-৬ আসনের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমার ওপর যে দায়িত্ব এবং আস্থা রেখেছে সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, কর্মসংস্থানের ব্যবস্থা, এই অঞ্চলের রাস্তা-ঘাট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা, মাদক প্রতিরোধ করা। হিলি রেল স্টেশনে মানুষ ওঠা-নামা করতে পারে কিন্তু জিনিসপত্র তোলা যায় না, খুব দ্রুত এগুলোর ফয়সালা হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।