পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এ বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি সুন্দরবন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধ পরিকর।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।