ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মরদেহটি হাসিনা পারভীন মিনু (৪৬) নামে এক নারীর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিনু রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগের নেত্রী ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী এলাকার আড়িয়াল খাঁ নদীর পাশের ঢাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।
পরিবারের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাসিনা পারভীন মিনুর বাড়ি ঢাকা শাজাহানপুর শান্তিবাগ বাজার এলাকায়। তিনি মহিউদ্দিন আহমেদ ও হোসনে আরা বেগমের কন্যা। এছাড়া নারায়ণগঞ্জ ও কুমিল্লাতে তার বাড়ি রয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার দুই কানে দুল ও পরনে গোলাপী রঙের জামা ছিল।
ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম গণমাধ্যমকে জানান, নিহত নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী এক বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় তার তিন ছেলে নিয়ে বসবাস করতেন। কীভাবে তার লাশ এখানে এলো এ বিষয়ে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি।
ওসি আরও জানান, মরদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, মিনুর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাসা থেকে বের হওয়ার পর থেকে তার ফোন বন্ধ ছিল। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব বলে আশা করছি।