ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কারকাজের উদ্বোধন করতে ঢাকায় এসেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। এসময় তাঁর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানও বিশ্ববিদ্যালয়ে আসেন। তাঁদের আগমন ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তুরস্ক সরকারের ‘টীকা’ প্রকল্পের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে একটি সারপ্রাইজ আছে। পরবর্তীতে আমরা সকাল বেলা জানতে পারি মেসুত ওজিল আসছেন।
মিনহাজ উদ্দীন বলেন, বিশ্বখ্যাত এই ফুটবলারের সার্বিক নিরাপত্তা স্বার্থে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টি ঢালাও ভাবে প্রচার করা হয়নি।
মেডিকেল সেন্টারটির সংস্কারকাজে সহায়তা করছে তুরস্ক সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি’ (টিকা)। সংস্থার এই কার্যক্রমের উদ্বোধন করতেই মূলত ওজিলের এই সফর বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওজিল ও বিলাল এরদোয়ানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন উপস্থিত ছিলেন।
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা ফুটবলার ওজিল ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ছিলেন। ওজিল ও তাঁর সফরসঙ্গীদের কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে এবং সেখানে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন তারা।