নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দিনভর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিন শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সায়মন নামে এক আওয়ামী লীগ কর্মীকে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের কয়েকজন কর্মী হঠাৎ করেই কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার সেঁটে দেন।
স্থানীয়রা বলছেন, ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখা কার্যালয়’।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বিষয়টি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
তিনি আরো বলেন, নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ছিল। নতুন সরকার আসার পর এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এই কার্যালয় ভাঙচুর হয়। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা অফিসটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী করে দেয়।