Image description

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর থানায় একটি মামলা হয়েছে।

অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুন্সী বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের হয়ে কাজ করেছেন।

উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার কালের কণ্ঠকে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ যাওয়ার পথে আমাকে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সী দেখতে পায়।

রেলক্রসিং অতিক্রম ও সামনে পৌর ট্যাক্সটোল আদায়ের জন্য সিএনজিকে ব্যারিকেড দিলে তিনি এসে টেনেহেঁচড়ে সিএনজি থেকে আমাকে নামান। এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে যায়, সেখানে নিয়ে একটি চেয়ারে বসিয়ে শাহী মুন্সী ও তার লোকজন আমার মাথার চুল কেটে মাথ্যা ন্যাড়া করে দেয়। শাহী মুন্সী এরপরে পথচারীদের ডেকে ডেকে এনে আমাকে দেখায়।

 

তিনি আরো বলেন, আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি।

বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার শুধু অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম, দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসবে।
সেই জায়গায় আমি এ উপহার পেলাম। আশা করি প্রতিমন্ত্রী আছেন, জনতা আছেন, তারাই এ ঘটনার বিচার করবেন।

 

এ অভিযোগ প্রত্যাখান করে গৌরীপুর পৌর কৃষকদলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সী জানান, এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই এ মহলটি আগে থেকেও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ন করতে চেয়েছিল। এটাও তার অংশ।

 

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন, এ বর্বতার শেষ কোথায়? এই আব্দুল মান্নান বারবার জেল খেটেছেন, আন্দোলন করেছেন, দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেই মানুষটাকে এমনভাবে লাঞ্ছিত কখনও মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে। কালের কণ্ঠ