চব্বিশ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরীর পৃথক দুই স্থানে দু’টি গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হন আইনুল (৩২) ও সোহেল (৩৫) নামের দুজন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে লবণচরা থানা এলাকার বাজার সংলগ্ন রহমানিয়া প্রথম গলিতে স্থানীয় আলমগীরের ছেলে আইনুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার ডান পায়ে লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় চার থেকে পাঁচজন ব্যক্তি জড়িত ছিল।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়া খালপাড় এলাকায় সোহেল নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন এসে সোহেলের কোমরে গুলি করে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কালের কণ্ঠ