Image description

বর্ণাঢ্য র‍্যালি ও রমজানের গানের মূর্ছনায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাল দেশের ঐতিহ্যবাহী জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয় ‘রমজান র‍্যালি’। র‍্যালি শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পবিত্র রমজান মাসের আগমনকে সামনে রেখে বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সাংস্কৃতিক সন্ধ্যায় সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মাহে রমজানের জনপ্রিয় সব ইসলামী সংগীত পরিবেশন করেন। এ সময় উপস্থিত শ্রোতা ও সাধারণ মানুষের মাঝে রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম বলেন, "রমজানের পবিত্রতা ও মহিমা ছড়িয়ে দিতে সাইমুম শিল্পীগোষ্ঠী প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য এই র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মুসলিম উম্মাহর ইবাদত ও সংস্কৃতির এই শ্রেষ্ঠ মাসকে বাংলাদেশের মানুষের মাঝেও স্মরণীয় করে রাখে।"

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠী সাবেক পরিচালক সাইফুল্লাহ মানছুর, শরীফ বায়েজিদ মাহমুদ, আকরাম মুজাহিদ, এবিএম নোমান, আতিক তাশরীফসহ সাইমুমের অন্যান্য পরিচালক ও শিল্পীবৃন্দ এবং সসাস এর সম্মানিত নির্বাহী পরিচালক হাফেজ আবু মুসা। এছাড়াও বর্তমান দায়িত্বশীলবৃন্দ, শিশু-কিশোর শিল্পীবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।