বর্তমান রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া মাত্রই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, প্রয়োজন হলে ঈদের আগেই এই প্রক্রিয়া শুরু করতে চায় সাংবিধানিক এই সংস্থাটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নির্বাচন হুট করে করা যায় না, এর জন্য পূর্বপ্রস্তুতির প্রয়োজন হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য রাখা যায় না। তাই কোনও কারণে পদটি শূন্য হলে আমাদের দ্রুত নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, যদি কোনও বর্তমান সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে তার আসনটি শূন্য হবে। সেক্ষেত্রে সেখানে আবার উপ-নির্বাচনের প্রয়োজন পড়বে। সব মিলিয়ে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখছি।