Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।

পূর্ণমন্ত্রীদের মধ্যে এর আগেও বিএনপির বিভিন্ন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৯ জন। বাকি ১৬ জন এবারই প্রথম মন্ত্রী হলেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের সবাই এই প্রথম মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

সব মিলিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ প্রথমবার মন্ত্রী হয়েছেন ৪১ জন। তাঁদের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও প্রথমবার প্রধানমন্ত্রী হলেন।

 

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯ জন। তাঁরা হলেন ফেনী-৩ আসনের আবদুল আউয়াল মিন্টু, দিনাজপুর-৬ আসনের আবু জাফর মো. জাহিদ হোসেন, সিলেট-১ আসনের খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, পার্বত্য রাঙামাটি আসনের দীপেন দেওয়ান, টাঙ্গাইল-১ আসনের ফকির মাহবুব আনাম ও ঢাকা-১০ আসনের শেখ রবিউল আলম।

অন্যদিকে ২৪ প্রতিমন্ত্রীর মধ্যে ২১ জন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ৩ জনের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর আগেও সংসদ সদস্য ছিলেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে ভোটে তিনি পরাজিত হন। তাঁকে টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে।

টেকনোক্র্যাট কোটায় দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্য নন, এমন ব্যক্তিদেরও মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে শর্ত হচ্ছে, মন্ত্রিসভার মোট সদস্যের এক-দশমাংশের বেশি টেকনোক্র্যাট মন্ত্রী করা যাবে না। তারেক রহমানের মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পূর্ণমন্ত্রী, আরেকজন প্রতিমন্ত্রী। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশিদকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। আর প্রতিমন্ত্রী করা হয়েছে আমিনুল হককে।

 

আগেও মন্ত্রিসভায় ছিলেন

১৯৯১ ও ২০০১ সালে বিএনপির দুটি সরকারে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মধ্য থেকে ৯ জন এবারও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তাঁরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু এবং আ ন ম এহসানুল হক মিলন।

মন্ত্রিসভায় তিন নারী

নতুন মন্ত্রিসভায় নারী সদস্য রয়েছেন তিনজন। এর মধ্যে পূর্ণমন্ত্রী আফরোজা খানম (মানিকগঞ্জ-৩)। আর প্রতিমন্ত্রী দুজন হলেন শামা ওবায়েদ (ফরিদপুর-২) ও ফারজানা শারমীন (নাটোর-১)। মন্ত্রী, দুই প্রতিমন্ত্রীসহ তিনজনই এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।