বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্যক্তিগত কাজে দিল্লীতে অবস্থানকালে গতকাল মঙ্গলবার দুপুরে তার অজ্ঞাতে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এসব পোস্টে মাহদীর নাম পরিচয় উল্লেখ করে তাকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ বলে প্রচার করে হুমকি দেয়া হচ্ছিল।
আজকে দ্য ডিসেন্টকে ভারতস্থ বাংলাদেশের কনসুলেটে একটি সূত্র জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দিয়েছে।
গতকাল সামাজিক মাধ্যমে হুমকির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মাহদীর সাথে যোগাযোগ করা হয়। এরপর আজ দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য মাহদী দিল্লী বিমানবন্দরে গেলে সেখানে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তৎক্ষনাৎ তিনি হাইকমিশনের একজন কর্মকর্তাকে বিষয়টি জানান।
এর আগে মাহদী হাসান গতকাল দ্য ডিসেন্ট-কে জানিয়েছিলেন, তিনি ফিনল্যান্ডে যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত কাজে দিল্লীতে অবস্থান করছিলেন। মূলত গতকালই মাহদী জানান দিল্লীতে ভিএফএস সেন্টারে গিয়েছিলেন ভিসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে, সেখানে অজ্ঞাত এক ব্যক্তি তার ভিডিও ধারণ করে।
তারপর থেকে তার মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে মেসেজ ও কল আসতে থাকে। এসব কল ও মেসেজ থেকে তিনি বুঝতে পারেন কেউ তার অজান্তে তার বর্তমান অবস্থান, মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।
তবে তিনি জানেন না কে বা কারা ভিডিওটি ধারণ করেছে।
মাহদী দ্য ডিসেন্টকে তখন জানিয়েছিলেন, তিনি হোটেলে ফেরার পর এসব দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে গতকাল দ্য ডিসেন্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।