প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত রাঙামাটিবাসী। আজ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দেওয়ান শপথ নেওয়ার পর জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপেন দেওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন।
১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরের বছর ১৫ জুলাই তিন পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করা হয়। শুরুতেই এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত কল্পরঞ্জন চাকমা। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট জয়ী হওয়ার পর রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনি স্বপন দেওয়ানকে উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়।
২০২৪ সালে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করার পর খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেলেও এই প্রথম রাঙামাটি জেলা থেকে কোনো সংসদ সদস্য পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পেলেন।
রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান বলেন, দীপেন দেওয়ানের নেতৃত্বে আমরা গত ২০ বছর ধরে সক্রিয় ছিলাম।
জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, আমাদের নেতা তারেক জিয়া রাঙামাটিবাসীকে মূল্যায়ন করেছেন। দেশের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভোট জিতে এই আসনটি উপহার দেওয়ায় তিনি রাঙামাটির মানুষের গণরায়কে স্বীকৃতি দিয়ে রাঙামাটিতে এই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিয়েছেন।
এদিকে, প্রথমবারের মতো এই মন্ত্রণালয়ের দুজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিন পার্বত্য জেলার বাইরে চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর হেলাল।