Image description

চট্টগ্রামের হাটহাজারীতে মাঝ নদীতে হামলার শিকার হয়ে নদীতে ঝাঁপ দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝাঁপ দেওয়ার তিন দিন পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ছায়ার চর এলাকা থেকে মোহাম্মদ সাব্বির নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

 

মোহাম্মদ সাব্বির রাউজানের উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রামদাস মুন্সির হাটের হালদা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী। তিনি জানান, এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হাটহাজারীতে একটি ওরশে আসেন সাব্বির। সেখানে এক যুবকের সঙ্গে তার হাতাহাতি হয়। পরে রাতে রাউজানে ফেরার সময় সাব্বিরের পিছু নেন কয়েকজন যুবক। ওরশের ঘটনার প্রতিশোধ নিতে মাঝ নদীতে সাব্বিরদের নৌকা আটকান তারা। সাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাতও করা হয়। এ সময় তিনি প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। একই সঙ্গে সাব্বিরের আরও দুই বন্ধুও হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন। বাকি দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও নদীতে তলিয়ে যান সাব্বির।

 
 

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর থেকেই সাব্বিরকে খুঁজতে অভিযান চালায় নৌ-পুলিশসহ স্থানীয়রা। অবশেষে ঘটনার তিন দিন পর সাব্বিরের মরদেহ পাওয়া যায়।

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।