Image description

বিশ্ব ক্রিকেটের একঝাঁক কিংবদন্তি সাবেক অধিনায়ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতি মর্যাদাপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা ইমরান খানের জন্য দ্রুত ও যথাযথ চিকিৎসা সহায়তা এবং সম্মানজনক বন্দিত্বের পরিবেশ নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানান।

 

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দেশের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটাররা। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুনীল গাভাস্কার, গ্রেগ চ্যাপেল, কপিল দেব, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, মাইকেল অ্যাথারটন, বেলিন্ডা ক্লার্ক, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, ইয়ান চ্যাপেল, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, কিম হিউজেস ও জন রাইট।

 

বিবৃতিতে বলা হয়, ইমরান খান শুধু পাকিস্তানেরই নন, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ও অধিনায়ক হিসেবে সম্মানিত। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ে তার নেতৃত্ব ক্রীড়াজগতের ইতিহাসে একটি অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, তাদের অনেকেই ইমরানের বিপক্ষে খেলেছেন বা তাকে অনুসরণ করে বড় হয়েছেন—তার প্রতিভা, নেতৃত্ব ও ক্রীড়াসুলভ মনোভাব বিশ্বজুড়ে শ্রদ্ধা অর্জন করেছে।

 

 

ইমরান খানের জন্য মানবিক আচরণের আহ্বান বিশ্ব ক্রিকেট কিংবদন্তিদের

 

বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেট জীবনের বাইরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন সাবেক জাতীয় নেতার প্রতি ন্যূনতম মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের অবনতি, দৃষ্টিশক্তি হ্রাসের অভিযোগ এবং দীর্ঘদিন কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

 

সাবেক অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন—যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অবিলম্বে ও ধারাবাহিক চিকিৎসাসেবা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক ও মর্যাদাপূর্ণ বন্দিত্বের পরিবেশ এবং পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করা; পাশাপাশি বিলম্ব ছাড়াই স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া।

 

যৌথ বিবৃতির শেষাংশে বলা হয়, ক্রিকেট বরাবরই দেশগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে যায়। ইমরান খান তার ক্যারিয়ারে সে চেতনারই প্রতিফলন ঘটিয়েছেন—এখন কর্তৃপক্ষেরও সেই নীতি সমুন্নত রাখার আহ্বান জানান সাবেক এই তারকারা।